আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জনদুর্ভোগ কমাতে কঠোর অবস্থানে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। সোনারগাঁয়ের প্রাণকেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তায় দীর্ঘদিনের যানজট নিরসনে ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্ত করতে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩রা মার্চ) দুপুরে মোগরাপাড়া চৌরাস্তায় স্বশরীরে পরিদর্শনে গিয়ে তিনি এ সময় বেঁধে দেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, আগের এমপিরা কী করেছেন তা আমি জানি না। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। জনগণের দুর্ভোগ লাঘবে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে। ঈদকে সামনে রেখে মানুষের চলাচলে যেন কোনো ভোগান্তি না হয়, সে জন্য আমি নিজে তদারকি করব।
এমপি মান্নান সতর্ক করে বলেন, কিছু অসাধু ব্যক্তি অসহায় মানুষের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায় করে পুনরায় অবৈধ দখলের চেষ্টা করে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
এসময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা,সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তা এবং থানা পুলিশের সমন্বয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আনুষ্ঠানিক নির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, সওজের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তৌফিকুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।


































