নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

৩০ আগস্ট ২০২৬

কোক স্টুডিওর গানের শুটিংয়ে ক্ষতিগ্রস্ত বড় সরদারবাড়ি, এনজিবির নিন্দা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১০:৪২, ৩০ আগস্ট ২০২৬

কোক স্টুডিওর গানের শুটিংয়ে ক্ষতিগ্রস্ত বড় সরদারবাড়ি, এনজিবির নিন্দা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত প্রায় ৫০০ বছরের প্রাচীন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘বড় সরদারবাড়ি’তে কোক স্টুডিও বাংলার একটি গানের শুটিং চলাকালে স্থাপনাটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। দেশের অমূল্য এই ঐতিহ্যিক স্থাপনার ক্ষতিসাধনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তরুণদের সংগঠন নিউ জেনারেশন্স বাংলাদেশ (এনজিবি)।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, শত শত বছরের পুরোনো বড় সরদারবাড়ি দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ সাক্ষী। এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য অর্থ দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। সামান্য অসচেতনতা কিংবা দায়িত্বহীনতার কারণে এমন স্থাপনার ক্ষতি গোটা জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

ঘটনার প্রতিক্রিয়ায় নিউ জেনারেশন্স বাংলাদেশ (এনজিবি)-এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. মেহরাব হোসেন প্রভাত বলেন, সোনারগাঁয়ের বড় সরদারবাড়ির মতো প্রাচীন ও সংবেদনশীল প্রত্নতাত্ত্বিক স্থাপনায় শুটিংয়ের অনুমতি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। সার্বক্ষণিক পর্যবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ ও ফাউন্ডেশনের কর্মকর্তাদের গাফিলতি ও উদাসীনতার কারণেই অমূল্য এই ঐতিহ্য ঝুঁকির মুখে পড়েছে।

তিনি বলেন, “এই ঐতিহাসিক নিদর্শনের যে ক্ষতি হয়েছে, তা কেবল ইট-কাঠের ক্ষতি নয়; এটি আমাদের শেকড় ও সংস্কৃতির ওপর আঘাত।”

এনজিবির কেন্দ্রীয় সদস্য সচিব মো. আলিফ দেওয়ান ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতীয় ঐতিহ্য ও ইতিহাস সংরক্ষণের দায়িত্ব যাদের ওপর ন্যস্ত, তাদের এমন উদাসীনতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বাণিজ্যিক বা বিনোদনমূলক কর্মকাণ্ডের জন্য দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদকে ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। পাশাপাশি ভবিষ্যতে কোনো ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনায় শুটিং বা অন্য কোনো কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কঠোর নীতিমালা ও প্রশাসনিক নজরদারি নিশ্চিত করতে হবে।

ঐতিহ্য সুরক্ষায় এনজিবির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বড় সরদারবাড়ির দ্রুত সংস্কার, ঘটনার তদন্ত, দায়ীদের জবাবদিহি নিশ্চিত এবং ঐতিহাসিক স্থাপনায় কার্যক্রম পরিচালনায় কঠোর নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, দ্রুত সময়ের মধ্যে ঐতিহাসিক বড় সরদারবাড়ির সংস্কার কাজ শুরু না হলে দেশের সংস্কৃতিপ্রেমী তরুণ সমাজকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সম্পর্কিত বিষয়: