নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের ঢাকেশ্বরী বাজারে যাওয়ার রাস্তার উত্তর পাশে মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মৃত ইনু হোসেনের ছেলে জসিম মিয়া মসজিদের জায়গায় দোকান নির্মাণ করছেন। এতে মসজিদের সম্পত্তি দখল এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর দাবি, মসজিদের জায়গায় কোনো ধরনের স্থাপনা নির্মাণের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি এবং জায়গাটির বৈধ মালিকানা যাচাই করা প্রয়োজন। তারা বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, দোকান নির্মাণকারী জসিম মিয়ার বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে। তবে এ বিষয়ে বন্দর থানার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, জসিম মিয়ার বিরুদ্ধে এর আগেও পুলিশ প্রশাসন কয়েকবার অভিযান চালিয়েছে। তবে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে তারা দাবি করেন।
মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগের বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


































