নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৮ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে লোকালয়ে শিয়াল, বন বিভাগের অভিযান

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:১৫, ২৭ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে লোকালয়ে শিয়াল, বন বিভাগের অভিযান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লোকালয়ে বিচরণকারী হিংস্র ও অসুস্থ শিয়াল উদ্ধারে অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। একই সঙ্গে উদ্ধার হওয়া শিয়ালকে প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলা প্রশাসনের নির্দেশনায় সনমান্দী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বন্যপ্রাণী রক্ষাই ছিল অভিযানের মূল উদ্দেশ্য।

 

অভিযানে উপস্থিত ছিলেন সোনারগাঁ বন কর্মকর্তা আবু মুন্না, বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা আব্দুল্লাহ আস সিদ্দীক, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইনসহ বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা।

 

বন বিভাগের কর্মকর্তারা জানান, খাদ্যের সংকট, প্রাকৃতিক আবাসস্থল নষ্ট হওয়া ও মানুষের বসতি সম্প্রসারণের কারণে শিয়ালসহ বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে। এতে মানুষের মধ্যে আতঙ্কের পাশাপাশি বন্যপ্রাণীরাও ঝুঁকিতে পড়ছে।

 

সোনারগাঁ বন কর্মকর্তা আবু মুন্না বলেন, লোকালয়ে কোনো শিয়াল বা বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত হয়ে সেটিকে হত্যা বা পিটিয়ে না মেরে বন বিভাগকে খবর দিতে হবে। নিরাপদে বন্যপ্রাণী উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হবে।

 

বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা আব্দুল্লাহ আস সিদ্দীক বলেন, “শিয়াল পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের নিরাপত্তা ও বন্যপ্রাণী সংরক্ষণ—দুটিই আমাদের দায়িত্ব। এ বিষয়ে স্থানীয়দের সচেতন করতে নিয়মিত কার্যক্রম চালানো হবে।”

 

অভিযানের পাশাপাশি সনমান্দী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যপ্রাণী সংরক্ষণ ও মানুষের নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হবে। স্থানীয়দের মধ্যে লিফলেট বিতরণ করে বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করলে করণীয় সম্পর্কেও জানানো হবে।

 

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন বলেন, “শিয়াল আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। কোনো বন্যপ্রাণী লোকালয়ে এলে তাকে হত্যা না করে বন বিভাগকে খবর দিতে হবে।”

সম্পর্কিত বিষয়: