ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বন্দর থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক যুব নেতা জাহিদ আল-আমীন বুলবুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, নারায়ণগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব আবদুর রশিদ এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ মামুনুর রশিদ। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি হাফেজ মুহাম্মাদ রবিউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মুফতী মানসুর আহমদ সাকী বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার কয়েক মাস পার হলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা একের পর এক অপরাধ করার সুযোগ পাচ্ছে।
তিনি বলেন, প্রশাসনের ব্যর্থতার কারণেই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বন্দর থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আল-আমীন বুলবুল হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তার দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সিফাত গ্যাং ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা ছিল। তাদের সময়মতো গ্রেপ্তার ও আইনের আওতায় আনা হলে এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব হতো।
তিনি আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে জাহিদ আল-আমীন বুলবুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব অপরাধীর সর্বোচ্চ শাস্তি দ্রুত কার্যকর করতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
সমাবেশে অন্যান্য বক্তারাও জাহিদ আল-আমীন বুলবুল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আইনানুগ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশ শেষে নেতাকর্মীরা চাষাঢ়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিআইটি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে নিহত জাহিদ আল-আমীন বুলবুলসহ সকল নিহতের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


































