রাসূল (সা.)-এর আদর্শেই মানবজাতির প্রকৃত কল্যাণ—মাওলানা আব্দুল জব্বার
ঐতিহাসিক ১২ রবিউল আউয়াল উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা (নারায়ণগঞ্জ মহানগরী)-এর উদ্যোগে ‘সিরাতুন্নবী (সা.)’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে সাইনবোর্ড শান্তিধারা পূর্ব এলাকার ১৫ নম্বর ভবনের মিতালি মার্কেটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শান্তিধারা পূর্ব ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও মেয়র পদপ্রার্থী মাওলানা আব্দুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল জব্বার বলেন, “বিশ্ব মানবতার বন্ধু হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শই মানবজাতির জন্য একমাত্র উত্তম পথ। দুনিয়ার সব লোভ-লালসা পরিহার করে সিরাতুল মুস্তাকিম তথা মহান রবের নির্দেশিত পথে ফিরে আসতে পারলেই দুনিয়া ও আখেরাতে প্রকৃত সাফল্য অর্জন সম্ভব।”
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গ্র্যাজুয়েট ও ঢাকার রায়েরবাগ বায়তুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুজাহিদুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মাহমুদপুর মসজিদে নূর জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম পিরোজপুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি ও ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুহাম্মদ জামাল হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণ মজলিশে শুরার সদস্য ও যাত্রাবাড়ী পূর্ব থানা আমীর মো. শাহজাহান খান এবং সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা আমীর মাহাবুব আলম।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সম্মেলনে এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


































