নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৫ জুলাই ২০২৬

উৎসবের আমেজে নারায়ণগঞ্জে উল্টো রথযাত্রা, ভক্তদের ঢল

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:১০, ২৪ জুলাই ২০২৬

উৎসবের আমেজে নারায়ণগঞ্জে উল্টো রথযাত্রা, ভক্তদের ঢল

ধর্মীয় ভাবগাম্ভীর্য, বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা মহারানীর উল্টো রথযাত্রা। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নগরীর বিভিন্ন মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হলে বঙ্গবন্ধু সড়কসহ আশপাশের এলাকায় ভক্তদের ঢল নামে।

বিকেলে বিভিন্ন মন্দির থেকে রথযাত্রা শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিতাইগঞ্জসহ বিভিন্ন এলাকা ঘুরে নিজ নিজ মন্দিরে গিয়ে শেষ হয়। উল্টো রথযাত্রাকে কেন্দ্র করে পুরো নগরজুড়ে উৎসবের আবহ বিরাজ করে।

দুপুর থেকেই বিভিন্ন মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। রথ টানতে এবং একনজর দেখতে সড়কের দুই পাশে জড়ো হন অসংখ্য সনাতন ধর্মাবলম্বী। ধর্মীয় বিশ্বাসের অংশ হিসেবে অনেকে চলন্ত রথের দড়ি স্পর্শ করেন। এ সময় রথ থেকে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

রঙিন পতাকা, আলোকসজ্জা, ঢাক-ঢোল এবং খোল-করতালের তালে মুখরিত হয়ে ওঠে বঙ্গবন্ধু সড়ক। শোভাযাত্রার অগ্রভাগে কীর্তনদল সঙ্গীত পরিবেশন করতে করতে এগিয়ে যায়, যা উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে। ধর্ম-বর্ণ নির্বিশেষে নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি এ আয়োজনকে আরও বর্ণিল করে তোলে।

উল্টো রথযাত্রা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। গুরুত্বপূর্ণ মোড় ও শোভাযাত্রার পথজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসবের সমাপনী আয়োজন হিসেবে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এই শোভাযাত্রার মধ্য দিয়েই এবারের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

সম্পর্কিত বিষয়: