আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা।
মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং বিভিন্ন পর্যায়ে সমন্বয়ের বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরা হয়।
সভায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


































