নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হওয়ার চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন স্বামী শরীফ ও স্ত্রী রোজিনা। আজ ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার তাঁদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
চিকিৎসকের তথ্য অনুযায়ী, বিস্ফোরণে রোজিনার শরীরের ৬০ শতাংশ এবং শরীফের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর দুজনের মৃত্যু হলো। এ ঘটনায় নিহত রোজিনার ভাই রিয়াজ ৪০ শতাংশ এবং রনি নামে আরেক যুবক ৭০ শতাংশ দগ্ধ হয়। তাদের অবস্থাও আশংকা জনক বলে জানায় চিকিৎসক।
উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টায় নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ দুই পরিবারের চারজন দগ্ধ হয়। তাঁদের শরীরের বিভিন্ন অংশ ৪০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত পুড়ে যায়।
এছাড়াও ওইদিন নারায়ণগঞ্জের ফতুল্লায় রাসায়নিক দগ্ধ হয় দুই শ্রমিকএবং নগরীর দেওভোগ এলাকায় একটি বাড়িতে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনায় নারী-পুরুষসহ আরও তিনজন আহত হয়।


































