নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৩ অক্টোবর ২০২৬

ফেসবুকে ‘আমরা বিএনপি পরিবার’ আইডি দিয়ে অপপ্রচার, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:২৪, ১৩ অক্টোবর ২০২৬

ফেসবুকে ‘আমরা বিএনপি পরিবার’ আইডি  দিয়ে অপপ্রচার, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আমরা বিএনপি পরিবার’ নামের আইডি ব্যবহার করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। শুধু তাই নয়, অপপ্রচারের পাশাপাশি নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রকিবুর রহমান সাগরের কাছে ১০ লাখ টাকা চাঁদা করা হয়। পরে সেই আইডির মূলহোতা ছাত্রলীগের সাবেক নেতা মেহেদী হাসান রাজিবকে (৩০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার বাদৈর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। ‘আমরা বিএনপি পরিবার’ নামের ফেসবুক আইডি ও চাঁদা লেনদেনে ব্যবহৃত বিকাশ নম্বরও শনাক্ত করেছে পুলিশ।

গ্রেপ্তার রাজিব ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার বাদৈর মধ্যপাড়া এলাকার নজরুল ইসলাম ভূঁইয়া ও খাদিজা বেগম রানুর ছেলে। তিনি বাদৈর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক উপবিভাগীয় সম্পাদক এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, ছাত্রলীগের সাবেক নেতা হয়েও ‘আমরা বিএনপি পরিবার’ নাম ব্যবহার করে ফেসবুকে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছিলেন রাজিব। বিশেষ করে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রকিবুর রহমান সাগরসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ভিডিও সম্পাদনা করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছিল।

পুলিশ জানায়, অভিযুক্ত রাজিব হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাগরের সঙ্গে যোগাযোগ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। অভিযোগ অনুযায়ী, বিকাশের মাধ্যমে কিছু টাকাও গ্রহণ করা হয়। এ ঘটনায় রকিবুর রহমান সাগর বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।

মামলার পর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের সমন্বয়ে আইটি শাখার এসআই মফিজুল ইসলাম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করেন।

পরে মঙ্গলবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার বাদৈর গ্রামে অভিযান চালিয়ে রাজিবকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রাজিবকে সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।