নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৪ অক্টোবর ২০২৬

আইভীর সাথে স্লোগান দেওয়া সকলকে ছবি দেখে গ্রেপ্তার করা হবে: সাখাওয়াত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৫:২৮, ১৪ অক্টোবর ২০২৬

আইভীর সাথে স্লোগান দেওয়া সকলকে ছবি দেখে গ্রেপ্তার করা হবে: সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী আদালত প্রাঙ্গণে এসে রাজনীতি করতে চাচ্ছেন। ফ্যাসিস্ট স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করছেন। নারায়ণগঞ্জের মানুষ তার এই অভিলাষ পূরণ হতে দেবে না।

তিনি বলেন, আদালতপাড়ায় যারা স্লোগান দিয়েছেন, তাদের প্রত্যেককে ছবি দেখে গ্রেপ্তার করতে হবে। ভবিষ্যতে গ্রেপ্তারের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হলে কিংবা প্রশাসন ব্যর্থ হলে, এর দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে আইভীর 'জয় বাংলা' স্লোগান নিয়ে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন সাখাওয়াত হোসেন খান। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ সমাবেশের আয়োজন করে।

এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় আদালতে হাজির হয়ে জামিন পান সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। জামিন পাওয়ার পর আদালত চত্বরে তাঁকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। এসময় তিনি বলেন জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

আইভীর জামিন ও স্লোগানের পরদিনই তার আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তারের ঘটনায় নারায়ণগঞ্জে আলোচনা তৈরি হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও আবৃত্তিশিল্পী অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান তুষার এবং কাজলের ভাই আতিকুল ইসলাম।

গ্রেপ্তার হওয়া মাহবুবুর রহমান তুষার জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর মো. আসাদুজ্জামানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা থেকে জিয়াউল ইসলাম কাজল ও তার ভাই আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই রাতে দেওভোগের পাকা রোড এলাকা থেকে অ্যাডভোকেট মাহবুবুর রহমান তুষারকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, কয়েক দিন আগে ফতুল্লা থানার আওতাধীন জামতলা অক্টো অফিস এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি মিছিল হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।