নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৭ আগস্ট ২০২৬

ইসদাইরের রাজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাক ও সহযোগী সোহেল গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৪৯, ২৬ আগস্ট ২০২৬

ইসদাইরের রাজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাক ও সহযোগী সোহেল গ্রেপ্তার

পুলিশের ওপর হামলার মামলাও রয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত আব্দুর রাজ্জাক এবং তার সহযোগী সোহেলকে ঢাকায় অভিযান চালিয়ে আটক করেছে র‌্যাব।

বুধবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন।

 

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ ও র‌্যাব-১১-এর যৌথ দল ঢাকার একটি এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুর রাজ্জাক ও তার সহযোগী সোহেলকে আটক করা হয়। পরে রাতেই তাদের ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়।

 

এসআই শামীম হোসেন জানান, আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ইসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলাতেও তিনি আসামি।

তিনি আরও জানান, রাজ্জাকের সহযোগী সোহেলকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

ইসদাইরে পুলিশের ওপর হামলার ঘটনায় আলোচনায় রাজ্জাক বাহিনী

এর আগে চলতি মাসের ১৫ আগস্ট ইসদাইর রেললাইন এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় রাজ্জাক বাহিনীর সদস্য হিসেবে পরিচিত জসিম এবং তার সহযোগী মোহনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ।

 

এ ঘটনায় পুলিশ দাবি করে, অভিযানের সময় মাদক কারবারিরা পুলিশের ওপর হামলা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। জসিমের কাছ থেকে গুলিভর্তি একটি পিস্তল উদ্ধারের কথাও জানানো হয়।

 

এছাড়া ইসদাইরে রাজ্জাককে কেন্দ্র করে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারের অভিযোগ দীর্ঘদিনের।