নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
পুলিশ জানায়, সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সোহেল রানার নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার (৭ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টায় সোনারগাঁও থানার টিপুরদী এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে টিপুরদী এলাকার হানিফ মিয়ার ‘মায়ের দোয়া’ হোটেলের সামনে পাকা রাস্তার ওপর থেকে আজমাইন কবির সাহস (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি গোয়ালদী পূর্বপাড়া এলাকার মৃত হুমায়ুন কবিরের ছেলে। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এছাড়া সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, আজমাইন কবির সাহসের বিরুদ্ধে এর আগেও ৮টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


































