নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৭ আগস্ট ২০২৬

শহরের গলাচিপায় জমি দখলের চেষ্টার অভিযোগ, ৬ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:০২, ২৬ আগস্ট ২০২৬

শহরের গলাচিপায় জমি দখলের চেষ্টার অভিযোগ, ৬ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের গলাচিপা ডি এন রোড এলাকায় নিজ উপার্জনের টাকায় কেনা জমিতে গড়ে তোলা দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। জমি দখলের উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মো. রহমতউল্লাহ (৫৫)।

এ ঘটনায় রহমতউল্লাহ বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। সোমবার (২৫ আগস্ট) মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন রহমতউল্লাহর বড় ভাই ফরমা লালু ও আরব চান, ছোট বোন পাকনা বিউটি, লালুর ছেলে ফাহিম, বিউটির মেয়ে মিম এবং মিমের স্বামী রানা।

ভুক্তভোগীর দাবি, পৈতৃক জমি নিয়ে বিরোধ এড়াতে তিনি বাবার দেওয়া জমি ছেড়ে দেন। পরে নিজের উপার্জিত অর্থ দিয়ে গলাচিপা এলাকায় আড়াই শতাংশ জমি ক্রয় করেন। ওই জমির দলিল, স্ট্যাম্প, নামজারি ও মিউটেশনসহ প্রয়োজনীয় কাগজপত্র তার নামে রয়েছে।

রহমতউল্লাহ আরও দাবি করেন, এর আগে জমি নিয়ে বিরোধের বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানায় একটি সালিশ বৈঠক হয়। সেখানে তার জমির কাগজপত্র যাচাই করে পুলিশ তার মালিকানা সঠিক বলে জানায়। এরপরও অভিযুক্তরা জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ তার।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২৪ আগস্ট দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্তদের নির্দেশ ও প্ররোচনায় রানা বাইরে থেকে ২০ থেকে ৩০ জন লোক নিয়ে রহমতউল্লাহর গলাচিপার দোকানপাটে হামলা চালান। এ সময় হামলাকারীরা দোকানের মালামাল, আসবাবপত্র ও টিনের চাল ভাঙচুর করে। বাধা দিতে গেলে রহমতউল্লাহ ও তার পরিবারের সদস্যদের মারধর করে আহত করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা দোকান ও ঘর থেকে বিভিন্ন মালামাল বাইরে ফেলে দেয় এবং মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা নিয়ে যায়।

ঘটনার সময় রহমতউল্লাহ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উভয় পক্ষকে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র নিয়ে থানায় উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়।

হামলায় আহত রহমতউল্লাহকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় ঘটনার পরও তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রহমতউল্লাহ ও তার পরিবারের সদস্যরা।

তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।