নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বিদ্যালয়ের অমল পোদ্দার অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অধ্যাপক ড. নুসরাত ফাতেমা।
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী মোট ৮২ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পরে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. নুসরাত ফাতেমা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি তাদের মেধা ও প্রতিভা বিকাশে বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।
বিদ্যালয়ের সাবেক সভাপতি মনিরুজ্জামান ভূইয়া লিটন বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে তাদের মেধা ও পরিশ্রমের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক ভূমিকা রয়েছে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই শিক্ষার মূল উদ্দেশ্য নয়; শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করবে এবং বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখবে—এটাই প্রত্যাশা।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিদ্যালয়ের অভিভাবক সদস্য রেশমা বেগম, সাবেক অভিভাবক সদস্য আজে নাজিমুদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হক বিএসসি, শিক্ষক প্রতিনিধি আব্দুল বাতেনসহ বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


































