নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

৩০ আগস্ট ২০২৬

গানের শুটিংয়ে ক্ষতিগ্রস্ত বড় সরদারবাড়ি, ইসলামী ছাত্র আন্দোলনের নিন্দা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৫১, ২৯ আগস্ট ২০২৬

গানের শুটিংয়ে ক্ষতিগ্রস্ত বড় সরদারবাড়ি,  ইসলামী ছাত্র আন্দোলনের নিন্দা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী প্রায় ৫০০ বছরের পুরোনো বড় সরদারবাড়িতে গানের শুটিংয়ের কারণে ক্ষয়ক্ষতি হয়েছে—এমন অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সোনারগাঁও থানা শাখা।

 

শনিবার (২৯ আগস্ট) এক বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সোনারগাঁও থানার সভাপতি শাহ্ আব্দুল আজিজ এ নিন্দা ও প্রতিবাদ জানান।

 

বিবৃতিতে তিনি বলেন, সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা জানতে পেরেছেন, আগস্টের মাঝামাঝি সময়ে ‘কোক স্টুডিও’ নামের একটি প্রতিষ্ঠানের গানের শুটিং ঐতিহ্যবাহী বড় সরদারবাড়িতে অনুষ্ঠিত হয়। ওই শুটিংয়ের কারণে ঐতিহাসিক স্থাপনাটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ ওঠে, যা অত্যন্ত দুঃখজনক।

 

শাহ্ আব্দুল আজিজ বলেন, “বড় সরদারবাড়ি আমাদের বাঙালি ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। মুঘল আমলে প্রতিষ্ঠিত এই স্থাপনা সে সময়ের ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে আসছে। এমন একটি ঐতিহাসিক স্থাপনা শুটিং কিংবা অন্য কোনো আয়োজনের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া কোনোভাবেই কাম্য নয়।”

 

তিনি আরও বলেন, ঐতিহাসিক বড় সরদারবাড়িটির সার্বিক তদারকি, প্রশাসন ও পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, যা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটি বিভিন্ন ইভেন্ট আয়োজনের জন্য ঐতিহাসিক স্থাপনাটি ভাড়া দিয়ে থাকে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

 

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সোনারগাঁও থানা শাখার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত সংস্কার করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে যারা স্থাপনাটি ক্ষতিগ্রস্ত করার জন্য দায়ী, তাদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনারও দাবি জানানো হয়।

 

শাহ্ আব্দুল আজিজ বলেন, “অনতিবিলম্বে ক্ষতিগ্রস্ত অংশের সংস্কার করতে হবে এবং ঐতিহাসিক স্থাপনার নিরাপত্তা ও সংরক্ষণ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

সম্পর্কিত বিষয়: