সরকারি তোলারাম কলেজে ছাত্র সংগঠনগুলোর সংঘর্ষ এবং পরবর্তীতে চাষাঢ়া, জামতলা ও কালিরবাজার এলাকায় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহড়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), নারায়ণগঞ্জ জেলা।
বিবৃতিতে এনসিপি বলেছে,
রক্তস্নাত জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এদেশের ছাত্র-জনতা সকল প্রকার ফ্যাসিজম, দখলদারিত্ব এবং পেশিশক্তির রাজনীতির বিরুদ্ধে নিজেদের চূড়ান্ত রায় জানিয়েছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তির দিনে তোলারাম কলেজের মতো একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে যুক্তির বদলে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রের যে আস্ফালন আমরা দেখলাম, তা জুলাইয়ের শহীদদের রক্তের চরম অবমাননা। শিক্ষাঙ্গনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যারা এই ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে, তারা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তাকে চরম হুমকিতে ফেলেছে।
আমরা মনে করি, যেকোনো আদর্শিক ছাত্র সংগঠনের মূল কাজ সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলা; যুক্তির বদলে পেশিশক্তি বা অস্ত্রের ভাষায় কথা বলা নয়। শিক্ষাঙ্গন এবং রাজপথ কোনো পক্ষেরই শক্তি প্রদর্শনের রণক্ষেত্র হতে পারে না। সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত করে কোনো পক্ষেরই এহেন অস্থিতিশীলতা তৈরি করা কাম্য নয়।
আমরা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে নিরপেক্ষ তদন্ত এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে তোলারাম কলেজে সংঘর্ষে লিপ্ত এবং রাজপথে জনমনে আতঙ্ক সৃষ্টিকারী প্রকৃত দোষীদের চিহ্নিত করুন। দলমত বা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে এই অপরাজনীতির সাথে জড়িত সকলের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।


































