নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০১ আগস্ট ২০২৬

জেলে যেতে হলে যাবো, তবুও প্রিপেইড মিটার লাগাতে দেব না: মাহাবুবুর রহমান মাসুম

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:০০, ৩১ জুলাই ২০২৬

জেলে যেতে হলে যাবো, তবুও প্রিপেইড মিটার লাগাতে দেব না: মাহাবুবুর রহমান মাসুম

নারায়ণগঞ্জে বিদ্যুৎ গ্রাহকদের আপত্তি সত্ত্বেও জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের অভিযোগ তুলে এর প্রতিবাদে নাগরিক অধিকার ফোরামের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে।

 

চাষাঢ়া বাগে জান্নাত জামে মসজিদে অনুষ্ঠিত সভায় বক্তারা অভিযোগ করেন, কোনো ধরনের আগাম নোটিশ, পর্যাপ্ত জনমত যাচাই বা গণশুনানি ছাড়াই গ্রাহকদের ওপর প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়া হচ্ছে।

 

বক্তারা প্রিপেইড মিটারের বিভিন্ন ভোগান্তির কথা তুলে ধরে বলেন, ব্যালেন্স শেষ হলে আকস্মিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া, রিচার্জে নানা জটিলতা, সার্ভার সমস্যা, মিটার লক হয়ে গেলে তাৎক্ষণিক কারিগরি সহায়তার অভাব এবং ডিমান্ড চার্জ, মিটার ভাড়া ও ভ্যাট বাবদ টাকা কেটে নেওয়ায় সাধারণ গ্রাহকরা ভোগান্তিতে পড়ছেন।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহাবুবুর রহমান মাসুম বলেন,

“আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। জেলে যেতে হলে যাবো, তবুও প্রিপেইড মিটার লাগাতে দেব না।”

 

তিনি প্রিপেইড মিটার বিষয়ে গণশুনানির দাবি জানিয়ে বলেন, গ্রাহকদের সামনে এর সুবিধা বোঝানো গেলে তারা বিষয়টি বিবেচনা করবেন। তবে কোনো ধরনের জোরপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হলে তা প্রতিহত করার কথাও জানান তিনি।

 

সভায় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ, মহিউদ্দিন মাহমুদ, সুজন মাহমুদ, রুহুল আমিন, মজিবুর রহমানসহ বিভিন্ন পঞ্চায়েত, মসজিদ কমিটি ও সমাজ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।

সম্পর্কিত বিষয়: