নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৭ জুলাই ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক নাসিকের ফগার মেশিন বিতরণ শুরু

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:১৩, ২৭ জুলাই ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক নাসিকের ফগার মেশিন বিতরণ শুরু

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে ওয়ার্ডভিত্তিক ফগার মেশিন বিতরণ শুরু করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)।

এ উপলক্ষে সোমবার (২৭ জুলাই) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্তদের হাতে ফগার মেশিন তুলে দেন। এদিন মোট ১৪টি ফগার মেশিন বিতরণ করা হয়।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, এর আগে আরও ১৬টি ফগার মেশিন বিতরণ করা হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত ৩০টি ফগার মেশিন বিভিন্ন ওয়ার্ডে সরবরাহ করা হয়েছে, যা ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রমে ব্যবহৃত হবে।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলী। তিনি বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় নিয়মিত ফগিং কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে ওয়ার্ডভিত্তিক মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হবে এবং প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে আরও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হবে।

সম্পর্কিত বিষয়: