নারায়ণগঞ্জের ফতুল্লায় রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে রাখেন স্থানীয়রা। এতে সাইনবোর্ড থেকে চাষাঢ়া পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় আটকে থেকে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা।
স্থানীয়দের অভিযোগ, রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামের সামনের সড়কটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ। প্রায়ই এখানে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। নিরাপদে সড়ক পারাপারের জন্য বহুদিন ধরে এলাকাবাসী একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন। বিভিন্ন সময় আন্দোলনের মুখে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তা আর নির্মাণ করা হয়নি।
এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে একই স্থানে ট্রাকচাপায় আবুল হোসেন নামে এক ব্যক্তি নিহত হলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পরে তারা সড়ক অবরোধ করে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভ শুরু করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। তিনি দ্রুত ওই স্থানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভে নেতৃত্ব দেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকার, এনসিপি মহানগরের সদস্য সচিব জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাজমুল হক, ছাত্রশক্তির রিয়াদ ও সালাম। এ সময় পাঁচ শতাধিক এলাকাবাসী বিক্ষোভে অংশ নেন।
এলাকাবাসী দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণসহ দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


































