নারায়ণগঞ্জে বিদ্যুৎ গ্রাহকদের আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের কাছে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম।
শনিবার (১ আগস্ট) দুপুরে নগরীর বিবি রোডের নিউ সমবায় ভবনে অবস্থিত এনসিপির জেলা কার্যালয়ে এমপির হাতে এ স্মারকলিপি তুলে দেন সংগঠনটির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ, জাহাঙ্গীর আলম জাগু, শ্রমিক নেতা মাহমুদুর রহমান, গভীর নলকূপ ব্যবহারকারী মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন, বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান ডিউক, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সোহাগসহ বিভিন্ন পঞ্চায়েত, মসজিদ কমিটি ও সমাজ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ অভিযোগ করেন, ডিপিডিসি কোনো ধরনের আগাম নোটিশ, জনমত বা গণশুনানি ছাড়াই একতরফাভাবে গ্রাহকদের ওপর প্রিপেইড মিটার চাপিয়ে দিচ্ছে। তাদের দাবি, প্রিপেইড মিটারের রিচার্জ প্রক্রিয়া অস্বচ্ছ এবং প্রতি মাসের প্রথম রিচার্জেই ডিমান্ড চার্জ, মিটার ভাড়া ও ভ্যাটের নামে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ কেটে নেওয়া হচ্ছে, যা সাধারণ গ্রাহকদের জন্য অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে।
তারা আরও বলেন, প্রতিবার রিচার্জের সময় দীর্ঘ ডিজিট কোড ব্যবহার করতে হওয়ায় অনেক গ্রাহক সমস্যায় পড়ছেন। এছাড়া ব্যালেন্স শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এতে গভীর রাতে অসুস্থ রোগী, নবজাতক শিশু ও পরীক্ষার্থী শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন, ডিপিডিসির অনলাইন রিচার্জ ব্যবস্থা ও সার্ভার প্রায়ই অকার্যকর থাকায় টাকা পরিশোধের পরও ব্যালেন্স যুক্ত হতে বিলম্ব হয়। মিটার লক হয়ে গেলে তাৎক্ষণিক কারিগরি সহায়তা পাওয়া যায় না এবং জরুরি ব্যালেন্সের পরিমাণও প্রয়োজনের তুলনায় খুবই কম।
তাদের ভাষ্য, বিদ্যুৎ জনগণের মৌলিক সেবা। তাই গ্রাহকদের মতামত উপেক্ষা করে জোরপূর্বক ত্রুটিপূর্ণ প্রিপেইড মিটার ব্যবস্থা চালু করা জনস্বার্থবিরোধী এবং তা পুনর্বিবেচনা করা প্রয়োজন।
স্মারকলিপি গ্রহণ শেষে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, "আপনাদের দাবিগুলোর বিষয়ে অবগত হলাম। এ বিষয়গুলো নিয়ে জাতীয় সংসদ, জ্বালানি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট পর্যায়ে কথা বলার সুযোগ হলে আমি বিষয়টি উত্থাপন করবো।"


































