নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৭ জুলাই ২০২৬

বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৩১, ২৬ জুলাই ২০২৬

বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাবুদ ওরফে কামাল (৮২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত সাবুদ ওরফে কামাল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঘারমোড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

জানা গেছে, একই দিন সকাল ১০টার দিকে দক্ষিণ ঘারমোড়ার নাজিরাপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রতিদিনের মতো সকালে পুকুরে গোসল শেষে বাড়ি ফেরার পথে একটি অজ্ঞাত মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার পর শাহবাগ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশ দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও চালককে শনাক্তের চেষ্টা করছে।