নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৫ জুলাই ২০২৬

হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের লুট হওয়া আরও একটি শটগান উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৩৪, ২৫ জুলাই ২০২৬

হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের লুট  হওয়া আরও একটি শটগান উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হরিপুর ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত আরও একটি শটগান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর মধ্য দিয়ে মামলায় লুণ্ঠিত দুটি শটগানই উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ জানায়, গত ২ জুলাই ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে বন্দর থানার হরিপুর ২৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্রের নদীর ঘাটসংলগ্ন ডিউটি পোস্টে দায়িত্ব পালন করছিলেন সাধারণ আনসার সদস্য সৈকত মিয়া ও মো. মনিরুজ্জামান মুন্সী। এ সময় ইঞ্জিনচালিত নৌকায় করে আসা ৫ থেকে ৬ জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে দুটি শটগান লুট করে নিয়ে যায়।

 

এ ঘটনায় প্লাটুন কমান্ডার মো. মনির মিয়া বাদী হয়ে বন্দর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

 

ডিবি পুলিশ জানায়, এসআই শরীফুল হাসান ও এসআই এস এম আব্দুল আজিজের নেতৃত্বে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে রূপগঞ্জ থানার চনপাড়া ৯ নম্বর ওয়ার্ডে জনৈক জলিলের জমির পাশের ধইঞ্চা ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় লুণ্ঠিত আরও একটি শটগান উদ্ধার করা হয়।

 

পুলিশ আরও জানায়, এর আগে গত ১৩ জুলাই একই মামলায় একটি শটগান উদ্ধার এবং একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। সর্বশেষ উদ্ধার অভিযানের মাধ্যমে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত দুটি শটগানই উদ্ধার করা সম্ভব হয়েছে।

 

মামলার তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত বিষয়: