বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আরাফাত কবির ফাহিম (৩০)কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া আরাফাত কবির ফাহিম বন্দর থানার নবীগঞ্জ নূরবাগ এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন কবিরের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (২৪ জুলাই) তাকে বন্দর থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলায় আদালতে পাঠানো হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টার দিকে বন্দর খেয়াঘাট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে আরাফাত কবির ফাহিমও অংশ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলায় গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। নৈরাজ্য সৃষ্টির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে


































