নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৫ জুলাই ২০২৬

"শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ছাড়া জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়"

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:২৮, ২৪ জুলাই ২০২৬

"শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ছাড়া জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়"

শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ছাড়া জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।

শুক্রবার (২৪ জুলাই) নারায়ণগঞ্জ জেলা পরিষদ ডাকবাংলো অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা আয়োজিত “দ্রোহ ও জাগরণের জুলাই: প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভা ও জুলাইয়ের আহত ও শহীদদের স্মরণে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা দ্বীন ইসলাম বলেন, একজন শিক্ষার্থী দেশের অগ্রগতি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৪৭, ১৯৭১ এবং সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শিক্ষার্থীরা জীবন উৎসর্গের মাধ্যমে দেশকে স্বৈরাচারমুক্ত করতে অগ্রণী ভূমিকা রেখেছে। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার ছাড়া জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাইদুল ইসলাম সিয়াম। তিনি বলেন, জুলাই আন্দোলনে সংগঠনের কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশ, জাতি ও মানবতার কল্যাণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ফতুল্লা থানা সভাপতি এম. মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও বিস্তৃত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সাবেক সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ, মাওলানা আব্দুর রশিদ, আব্দুল হান্নান এবং জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব সারফারাজ হক সজিব।

আলোচনা সভা শেষে জুলাইয়ের আহত ও শহীদদের আত্মত্যাগ স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত বিষয়: