নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৩ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে পরিবহন চাঁদাবাজ চক্রের ৪ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১২:২৫, ২৩ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে পরিবহন চাঁদাবাজ চক্রের ৪ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (২২ জুলাই) চিটাগাং রোড ও মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

ডিবি জানায়, গত ২৬ মে সকালে জামালপুর থেকে নারায়ণগঞ্জগামী মালঞ্চ পরিবহনের একটি বাস সানারপাড় ইউটার্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা ৭-৮ জন দুর্বৃত্ত বাসের গতিরোধ করে। এ সময় বাসচালক আমিনুল ইসলাম ও হেলপার নজরুল ইসলামকে মারধর করে নগদ ৯ হাজার ৫০০ টাকা, প্রায় ২৮ হাজার টাকা মূল্যের একটি স্পেয়ার চাকা, গাড়ির কাগজপত্র এবং একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়। পরে ২৯ মে কাগজপত্র ফেরত দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে আরও ৬ হাজার টাকা আদায় করা হয়।

 

এ ঘটনায় মালঞ্চ পরিবহনের পরিচালক গোলাম মোস্তফা রানা সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করলে তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ।

 

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং ডিবির ক-জোন ইনচার্জ নজরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেফতার হন সাখাওয়াত হোসেন সৈকত (৪০), সেন্টু (৪০), রবিন (৩৫) ও ইউসুফ (২৬)।

 

ডিবি জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে সাখাওয়াতের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও দস্যুতাসহ ৬টি মামলা, রবিনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও ডাকাতিসহ ৬টি মামলা, সেন্টুর বিরুদ্ধে মাদক আইনের একটি মামলা এবং ইউসুফের বিরুদ্ধে চাঁদাবাজি ও দ্রুত বিচার আইনের দুটি মামলা বিচারাধীন রয়েছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ পরিবহন চাঁদাবাজ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের সড়ক ও মহাসড়কে পরিবহন থামিয়ে চালক-হেলপারদের ভয়ভীতি ও মারধর করে চাঁদা আদায় করে আসছিল।

 

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া এ চক্রের পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত বিষয়: