নারায়ণগঞ্জের বন্দরে নিউজিল্যান্ড প্রবাসীর বাড়িতে সংঘটিত চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধারসহ ভাঙারি ব্যবসায়ী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবুল গাজী (৪৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) দিবাগত রাত ২টার দিকে বন্দর রেললাইন ও হাফেজিবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ভাঙারির দোকানে তল্লাশি চালিয়ে চুরি হওয়া একটি রেফ্রিজারেটর ও একটি ভাঙা টেলিভিশন উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত বাবুল গাজী বন্দর হাফেজিবাগ এলাকার মৃত হারুন গাজীর ছেলে। পরে বুধবার (২২ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার বাদী গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেন জানান, তার বোন সাদিয়া আক্তার ও ভগ্নিপতি রাজিবুল আলম নিউজিল্যান্ডে বসবাস করায় হাজীপুর এলাকার তাদের চারতলা ভবনের দেখাশোনার দায়িত্ব তিনি পালন করে আসছেন।
তিনি বলেন, গত ১৯ জুলাই রাতে ভবনের একটি ফ্ল্যাটের তালা কেটে প্রায় ৫ লাখ টাকার আসবাবপত্র ও বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী চুরি হয়। এ ঘটনায় ২০ জুলাই সকালে ভাড়াটিয়া রফিক ও লাবনী আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাফেজিবাগ এলাকায় বাবুল গাজীর ভাঙারির দোকানে অভিযান চালিয়ে চোরাই মালামাল উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চুরি হওয়া মালামাল বাবুল গাজীর কাছে বিক্রি করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আরও একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া মালামাল জব্দ করা হয়েছে এবং চুরির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।


































