নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৩ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৩১, ২২ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা একটি মাদক মামলায় মো. মোরসালিন (২০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

 

বুধবার (২২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদের আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্ত মোরসালিন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকার মাহবুবের ছেলে। তবে রায় ঘোষণার সময় তিনি পলাতক থাকায় আদালতে উপস্থিত ছিলেন না।

 

কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ জানান, ২০২৫ সালের ২৮ মার্চ সোনারগাঁ থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় সোনাপুর এলাকার একটি পরিত্যক্ত মাদ্রাসার কক্ষ থেকে মোরসালিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আনুমানিক ৬ লাখ টাকা মূল্যের ফেনসিডিল এবং ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের গাঁজা উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হলে বিচারিক কার্যক্রম শুরু হয়।

 

মামলার শুনানিকালে রাষ্ট্রপক্ষ সাক্ষীদের সাক্ষ্য, জব্দ তালিকা এবং অন্যান্য আলামত আদালতে উপস্থাপন করে। বিচার শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি মো. মোরসালিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন।

 

আদালতের এ রায় মাদকবিরোধী কার্যক্রমে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। পাশাপাশি পলাতক দণ্ডপ্রাপ্তকে দ্রুত গ্রেপ্তার করে সাজা কার্যকরের উদ্যোগ নেওয়া হবে বলে আদালত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।