নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২২ জুলাই ২০২৬

মদনগঞ্জ ওয়েলফেয়ারের নির্বাচন নিয়ে গড়িমসির অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:০১, ২১ জুলাই ২০২৬

মদনগঞ্জ ওয়েলফেয়ারের নির্বাচন নিয়ে গড়িমসির অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরের প্রায় ৭০ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মদনগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর কার্যকরী কমিটির নির্বাচন নিয়ে গড়িমসির অভিযোগ উঠেছে। গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন না দিয়ে উন্নয়ন ও সংস্কারের অজুহাতে অন্তর্বর্তীকালীন কমিটি দীর্ঘ প্রায় দুই বছর দায়িত্ব পালন করলেও এখনো নির্বাচনের কোনো দৃশ্যমান উদ্যোগ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ ও হতাশা বিরাজ করছে।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, সাবেক কমিটির বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ২০২৪ সালের ২৩ আগস্ট মদনগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই ঘটনার পর সাবেক কমিটি তাদের দায়িত্ব ও ক্ষমতা অন্তর্বর্তীকালীন কমিটির কাছে হস্তান্তর করে।

পরবর্তীতে অন্তর্বর্তীকালীন কমিটি তদন্তের ভিত্তিতে সাবেক সভাপতির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং বসুন্ধরা গ্রুপের অনুদানে নির্মাণাধীন কমিউনিটি সেন্টারের আরসিসি পাইলিং কাজে বাধা দেওয়ার অভিযোগ আনে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে তাকে অ্যাসোসিয়েশনের সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

বর্তমান অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. জসিম উদ্দিন খান এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন বিএ জুবায়ের নিপু। এছাড়া কমিটির সদস্যরা হলেন— আলহাজ ফয়সাল মো. সাগর, হাজী আমজাদ হোসেন, জয়নাল আবেদিন মাতবর, আজিজুল হক আজি, হাজী গনী প্রধান, মেহেদী হাসান পনির, মামসাদ হোসেন, মনোয়ার হোসেন মন্টু, হুমায়ূন কবির ও আবুল বাসার।

স্থানীয়দের অভিযোগ, উন্নয়ন ও সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব গ্রহণ করলেও প্রায় দুই বছর পার হয়ে গেলেও নির্বাচন আয়োজনের কোনো তফসিল ঘোষণা করা হয়নি। এতে সংগঠনটির গণতান্ত্রিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে তারা মনে করছেন।

এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, দ্রুত একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করে সংগঠনটির গণতান্ত্রিক ধারাবাহিকতা ফিরিয়ে আনা হোক।

তবে এ বিষয়ে অন্তর্বর্তীকালীন কমিটির কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

সম্পর্কিত বিষয়: