নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, নারায়ণগঞ্জকে মেট্রোরেল নেটওয়ার্কের আওতায় আনার জন্য সরকারের কাছে উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জকে ‘মেট্রোসিটি’ ঘোষণার দাবিও জানিয়েছেন।
সোমবার (২০ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ চেম্বার ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “নারায়ণগঞ্জে মেট্রোরেল আসবে—এমন কথা অনেকেই বলছিলেন। কিন্তু বাস্তবে নারায়ণগঞ্জ মেট্রোরেলের রুটেই ছিল না। আমরা চেষ্টা করছি যেন মেট্রোরেল নারায়ণগঞ্জ পর্যন্ত আসে। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাতায়াত করেন। মেট্রোরেল চালু হলে এটি নারায়ণগঞ্জবাসীর জন্য আশীর্বাদ হবে।”
চেম্বার সভাপতি আরও বলেন, নারায়ণগঞ্জকে মেট্রোসিটি ঘোষণার জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে একটি ডিও (ডেমি-অফিশিয়াল) লেটার পাঠিয়েছেন।
তার ভাষ্য, “নারায়ণগঞ্জ মেট্রোসিটি হলে এখানে প্রায় ৭০০ অতিরিক্ত পুলিশ সদস্য নিয়োগের সুযোগ তৈরি হবে। এতে নগরীর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। আমরা নারায়ণগঞ্জকে ‘সেফ সিটি’ হিসেবে গড়ে তুলতে চাই। শহরজুড়ে এআইভিত্তিক ক্যামেরা স্থাপন করা হবে। কোনো ওয়ারেন্টভুক্ত আসামি বা সন্দেহভাজন ব্যক্তি শহরে প্রবেশ করলে তাৎক্ষণিকভাবে পুলিশ প্রশাসন তথ্য পাবে। আমরা এমন একটি নিরাপদ শহর গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নিশ্চিন্তে বসবাস করতে পারবে।”
তিনি বলেন, দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখলেও নারায়ণগঞ্জ এখনো কাঙ্ক্ষিত প্রশাসনিক ও অবকাঠামোগত গুরুত্ব পায়নি। এ অবস্থা থেকে উত্তরণে সরকারের কাছে প্রয়োজনীয় দাবি তুলে ধরা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, জিয়া হলের স্থানে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন ভবন নির্মাণ প্রকল্প চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি নারায়ণগঞ্জে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিও জানানো হয়েছে, যাতে চিকিৎসাসেবার জন্য নাগরিকদের ঢাকায় যেতে না হয়।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ চেম্বারের উদ্যোগে একটি দক্ষতা উন্নয়ন (স্কিল ট্রেনিং) কেন্দ্র বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে, যেখানে প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দেশ-বিদেশের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা হবে।
এমপি দিপু দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা নারায়ণগঞ্জের নতুন আদালত ভবন চালুর দাবিও জানান। তিনি বলেন, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে। ভাড়াকৃত সরকারি দপ্তরগুলো সেখানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া উচিত।
সংবাদ সম্মেলনে জাতীয় বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার প্রণীত বাজেট ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য ইতিবাচক হয়েছে। খাদ্যপণ্যের ওপর কর কমানোর ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও দাবি করেন, দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং শিল্প খাতে দীর্ঘমেয়াদি ঋণ সুবিধা বাড়ানো হলে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে। এছাড়া ক্ষুদ্রঋণ ও কৃষিঋণসংক্রান্ত বিভিন্ন সুবিধার জন্য প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।


































