নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের পাবই এলাকায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রব্বানি মণ্ডল (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (১৯ জুলাই) উপজেলার পাবই এলাকায় এসকেএফ ফার্মাসিউটিক্যালস কারখানার পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রব্বানি মণ্ডল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার লাইরি মোহনপুর এলাকার মৃত জালাল মণ্ডলের ছেলে।
ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোতালিব জানান, একটি বালুবাহী ট্রাক ব্যাক গিয়ারে পিছিয়ে যাওয়ার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রব্বানি মণ্ডলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘাতক ট্রাক ও এর চালককে শনাক্তে পুলিশ কাজ করছে।


































