নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২০ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে সাখাওয়াত হোসেন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৩৪, ১৯ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে সাখাওয়াত হোসেন

চলমান বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) আওতাধীন বিভিন্ন খালের খনন ও পুনঃখনন কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

 

রোববার (১৯ জুলাই) দুপুরে বৃষ্টি উপেক্ষা করে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন তিনি। এ সময় খাল খনন কাজে নিয়োজিত ঠিকাদারদের দ্রুত ও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেন।

 

পরিদর্শনের শুরুতে প্রশাসক সিদ্ধিরগঞ্জের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকায় চলমান খাল খনন কাজ পরিদর্শন করেন। সেখানে তিনি সংশ্লিষ্ট ঠিকাদারদের সঙ্গে কথা বলে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

 

পরে তিনি ৭ নম্বর, ১ নম্বর ও ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন খাল পরিদর্শন করে চলমান কাজের মান, অগ্রগতি এবং বাস্তবায়ন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

 

নাসিক সূত্র জানায়, বর্ষাকালে জলাবদ্ধতা কমাতে নগরীর বিভিন্ন এলাকার খাল পরিষ্কার, খনন ও পুনঃখনন কার্যক্রম অব্যাহত রয়েছে। এসব কাজ শেষ হলে পানি নিষ্কাশন ব্যবস্থা আরও উন্নত হবে এবং নগরবাসীর দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে।

 

পরিদর্শনকালে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুরনাহার, মহানগর যুবদল নেতা জুয়েল প্রধান, মঞ্জুরুল আলম মুসা, নুরুজ্জামান এবং কিশোর দল নেতা মাহবুব হাসান জুলহাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।