নারায়ণগঞ্জের বন্দরে আদালতে বিচারাধীন একটি বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক প্রবেশ করে বিভিন্ন প্রজাতির প্রায় ২৫টি ফলজ ও কাঠগাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ হোসেন নুহু (৬২) নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
রোববার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নরপর্দী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নরপর্দী এলাকার মৃত হাজী মজিবর হোসেনের ছেলে মোহাম্মদ হোসেন নুহুর সঙ্গে একই এলাকার রতন খাঁ, তার ছেলে জাহাঙ্গীর, হারুন অর রশীদ, আলাউদ্দিন, মোকলেস, ভাতিজা জিহাদসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের বিষয়ে একটি মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
অভিযোগে বলা হয়েছে, আদালতে মামলা চলমান থাকা অবস্থায় রোববার সকালে অভিযুক্তরা বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে আম, কাঁঠাল, পেঁপে, কলাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০ থেকে ২৫টি ফলজ ও কাঠগাছ কেটে নিয়ে যায়।
ভুক্তভোগীদের দাবি, গাছ কাটতে বাধা দিলে অভিযুক্তরা মোহাম্মদ হোসেন নুহুর ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে। ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে।
এ বিষয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।


































