নারায়ণগঞ্জ-৫ (বন্দর-সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, বন্দর উপজেলায়, বিশেষ করে নারায়ণগঞ্জ-৫ আসনে এবার যে পরিমাণ উন্নয়ন বরাদ্দ এসেছে, তা অতীতের তুলনায় অনেক বেশি।
রোববার (১৯ জুলাই) বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে দুস্থ পরিবারের মাঝে সরকারি চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য আবুল কালাম বলেন, “দীর্ঘ ২০ বছর পর মুছাপুর ইউনিয়নবাসী আমাকে পুনরায় নির্বাচিত করেছেন। এজন্য আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। জনগণের কল্যাণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এবার আমাদের বন্দর উপজেলায়, বিশেষ করে নারায়ণগঞ্জ-৫ আসনে যে পরিমাণ উন্নয়ন বরাদ্দ এসেছে, তা সত্যিই অকল্পনীয়। আমি এর আগেও সংসদ সদস্য ছিলাম, কিন্তু অতীতে এত বড় পরিসরে সহায়তা ও উন্নয়ন বরাদ্দ পাইনি।”
তিনি জানান, বন্দর উপজেলার জন্য মোট ৬০ হাজার কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সুষম বণ্টনের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে ৪৮০ জন উপকারভোগী নির্বাচন করে প্রত্যেককে ২৫ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।
এমপি আবুল কালাম আরও বলেন, এলাকায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে খালকাটা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বক্তব্যে তিনি আরও দাবি করেন, খুব শিগগিরই সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথ কার্ড এবং পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ফ্যামিলি কার্ড চালু করা হবে।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশার তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


































