নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২০ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে বিএনপি নেত্রী সালমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৩৪, ১৯ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে বিএনপি নেত্রী সালমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার কাজলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন নিজেদের ভুক্তভোগী দাবি করা কয়েকজন নারী। রোববার (১৯ জুলাই) দুপুরে সোনারগাঁ থানা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, সালমা আক্তার কাজলের হাত ধরেই তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হলেও পরবর্তীতে তার বিভিন্ন কর্মকাণ্ডে অসন্তুষ্ট হয়ে তার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করেন। এরপর থেকেই তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও নানা ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তারা।

 

ভুক্তভোগী পরিচয়ে বক্তব্য দেওয়া নিলু আক্তার বলেন, সালমা আক্তারের সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক রয়েছে। তবে তার সঙ্গে রাজনীতি না করায় তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে। তিনি দাবি করেন, তার দুই সন্তান দৃষ্টিপ্রতিবন্ধী, যার মধ্যে একজন থ্যালাসেমিয়ায় আক্রান্ত। তিনি বলেন, সালমার মাধ্যমে কখনো কোনো সরকারি সুবিধা পাননি। পরে অন্য একজনের সহযোগিতায় সমাজসেবা অফিসের মাধ্যমে প্রতিবন্ধী ভাতা ও থ্যালাসেমিয়া-সংক্রান্ত সুবিধা পেয়েছেন।

 

আরেক বক্তা রাবেয়া আক্তার দাবি করেন, তার পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি অভিযোগ করেন, সালমা আক্তার বিভিন্ন স্থানে নিজেকে ত্যাগী নেত্রী হিসেবে উপস্থাপন করলেও তার ব্যক্তিগত জীবন ও অতীত নিয়ে যে বক্তব্য প্রচার করেন, তা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া বিভিন্ন কারখানা থেকে চাঁদাবাজির অভিযোগও তিনি উত্থাপন করেন এবং দাবি করেন, তাকে এসব কাজে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। রাজি না হওয়ায় তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, এসব ঘটনার কারণে তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন এবং প্রয়োজন হলে মানহানির মামলা দায়েরের প্রস্তুতি নেওয়ার কথাও জানান।

সম্পর্কিত বিষয়: