নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানার ১ নম্বর ওয়ার্ডের মিজিমিজি বাতেনপাড়া কেনেলপাড় এলাকায় সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
রবিবার (১৯ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনের সময় তিনি ঘটনাস্থলে পৌঁছে সড়কের ওপর বসানো অবৈধ মেলা দেখতে পান। পরে তিনি মেলার দোকানদারদের সঙ্গে কথা বলেন এবং কীভাবে সেখানে দোকান বসানো হয়েছে, সে বিষয়ে জানতে চান।
দোকানদাররা জানান, তারা প্রতিদিন স্থানীয় মামুন ও জসিম নামে দুই ব্যক্তিকে ২০০ টাকা করে চাঁদা দিয়ে সেখানে ব্যবসা পরিচালনা করছেন। তবে ওই দুই ব্যক্তির পূর্ণ পরিচয় তারা জানেন না বলেও জানান। মেলায় প্রায় দুই শতাধিক দোকান রয়েছে বলে জানা যায়।
ঘটনাস্থলেই নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দোকানদারদের অবিলম্বে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, “এখানে আর কোনো মেলা বসতে দেওয়া হবে না। রাস্তার ওপর দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। ভবিষ্যতে কেউ সড়কের ওপর দোকান বসালে পুলিশ দিয়ে গ্রেফতার করা হবে।”
এ সময় তিনি সংশ্লিষ্টদের জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে কোনো ধরনের অবৈধ কার্যক্রম পরিচালনা না করার নির্দেশ দেন এবং সড়ক দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।


































