নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৬ জুলাই ২০২৬

জুলাই শহীদ দিবসে ৫ দফা দাবি জানাল  জাতীয় ছাত্রশক্তি না:গঞ্জ মহানগর

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৫:৫৬, ১৬ জুলাই ২০২৬

জুলাই শহীদ দিবসে ৫ দফা দাবি জানাল  জাতীয় ছাত্রশক্তি না:গঞ্জ মহানগর

জুলাই শহীদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগর।

এ সময় সংগঠনের নেতারা বলেন, ২০২৪ সালের জুলাই বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র-জনতা ন্যায়, সমতা ও গণতান্ত্রিক অধিকারের দাবিতে রাজপথে নেমেছিল। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে সংঘর্ষ, সহিংসতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বহু মানুষ প্রাণ হারান এবং অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হন। তাঁদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তারা অভিযোগ করেন, আন্দোলনের এক বছর পার হলেও অনেক আহত ব্যক্তি এখনো পূর্ণাঙ্গ চিকিৎসা, পুনর্বাসন এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সহায়তা পাননি। অনেকের নাম সরকারি এমআইএস ও গেজেটে অন্তর্ভুক্ত না হওয়ায় তারা চিকিৎসা, আর্থিক সহায়তা ও অন্যান্য সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, জুলাইয়ের শহীদ পরিবারের অনেকেই এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। শহীদদের আত্মত্যাগের যথাযথ সম্মান জানাতে বিচারহীনতার অবসান ঘটাতে হবে।

সংগঠনের নেতারা আশা প্রকাশ করে বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার জুলাইয়ের শহীদ ও আহতদের প্রতি রাষ্ট্রীয় দায়িত্ব পালনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং বিষয়টিকে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে মানবিক ও জাতীয় দায়িত্ব হিসেবে বিবেচনা করবে।

এ সময় জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—

সকল শহীদ ও আহত ব্যক্তির পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা দ্রুত প্রকাশ।
এমআইএস ও গেজেটের বাইরে থাকা আহতদের যথাযথ যাচাই-বাছাই শেষে দ্রুত অন্তর্ভুক্তি।
সকল আহতের উন্নত চিকিৎসা, পুনর্বাসন, আর্থিক সহায়তা ও দীর্ঘমেয়াদি চিকিৎসা নিশ্চিত করা।
শহীদ পরিবারের জন্য ঘোষিত সকল সুযোগ-সুবিধা দ্রুত বাস্তবায়ন।
আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা।

বক্তারা বলেন, জুলাই কেবল একটি মাসের নাম নয়; এটি ত্যাগ, সাহস, প্রতিবাদ ও ন্যায়বিচারের প্রতীক। শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে সম্মান জানিয়ে তাদের ন্যায়বিচার, চিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করাই হবে জুলাই শহীদ দিবসের প্রকৃত তাৎপর্য।

সম্পর্কিত বিষয়: