ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মুনতাছির আহমাদ বলেছেন, “শিক্ষার্থীরা পিছু হঠলে দেশ কখনোই স্বৈরাচারমুক্ত হতো না।” তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছে।
শুক্রবার (১৭ জুলাই) নারায়ণগঞ্জের আইসিএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত “তৃণমূল প্রতিনিধি সভা”-তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুহাম্মাদ সাইফুল ইসলাম।
মুনতাছির আহমাদ বলেন, একজন শিক্ষার্থী কেবল মেধা অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নন; দেশকে এগিয়ে নেওয়া, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রেও তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তিনি বলেন, ১৯৪৭, ১৯৭১ এবং সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও শিক্ষার্থীরা আত্মত্যাগের মাধ্যমে স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গঠনে প্রধান ভূমিকা রেখেছে। তাই শিক্ষার্থীরা যদি পিছু হটত, তবে দেশ কখনোই স্বৈরাচারমুক্ত হতো না।
বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সোহরাব হোসেন ফজলে বলেন, জুলাই আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশ, জাতি ও মানবতার কল্যাণে সংগঠনের প্রতিটি জনশক্তিকে আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা সভাপতি মুহাম্মাদ সাইফুল ইসলাম বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের নৈতিকতাসম্পন্ন, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি শিক্ষার্থীদের নৈতিক বিকাশে কাজ করে যাচ্ছে। তিনি সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ ফরহাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম, প্রশিক্ষণ সম্পাদক এম মাসুম বিল্লাহসহ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা।


































