নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৭ জুলাই ২০২৬

বন্দরে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টাকারী গ্রেপ্তার, মামলা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:২২, ১৬ জুলাই ২০২৬

বন্দরে গায়ে কেরোসিন  ঢেলে আত্মহত্যার চেষ্টাকারী গ্রেপ্তার, মামলা

নারায়ণগঞ্জের বন্দর থানা কম্পাউন্ডে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টার ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যার চেষ্টাকারী হিসেবে চিহ্নিত মাদক ব্যবসায়ী রমজানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

 

বন্দর থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মো. আবদুল আলীম বাদী হয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) রমজানের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোড, ১৮৬০-এর ৩০৯ ধারায় রুজু করা হয়েছে। মামলার নম্বর ২৯(৭)/২৬।

 

গ্রেপ্তার রমজান বন্দর থানার একরামপুর ইস্পাহানী এলাকার হাবিবুর রহমান ওরফে হবি মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানায়, বুধবার (১৫ জুলাই) বিকেলে বন্দর থানা কম্পাউন্ডে এ ঘটনা ঘটে। রমজান থানার ফটকের সামনে উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি করে নিজের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার হুমকি দেন। উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

মামলার বাদী এসআই আবদুল আলীম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং থানার সিডিএমএস (CDMS) তথ্য পর্যালোচনায় দেখা গেছে, রমজান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। তার বিরুদ্ধে বন্দর থানায় মাদকসহ মোট ২০টি মামলা রয়েছে।

 

পুলিশ জানিয়েছে, ঘটনার আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত বিষয়: