নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দদূষণ রোধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে শব্দদূষণকারী যানবাহনগুলো থেকে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৩টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সদর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী শব্দদূষণকারী ৩টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় মোট ৮ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ৩টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় শব্দদূষণ এবং অন্যান্য পরিবেশদূষণকারী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


































