নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জুলাই ২০২৬

মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে চরম ভোগান্তি, ময়লার ভাগাড় ও খানাখন্দে দুর্ভোগ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৪৪, ১৫ জুলাই ২০২৬

মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে চরম ভোগান্তি,  ময়লার ভাগাড় ও খানাখন্দে দুর্ভোগ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মদনগঞ্জ-মদনপুর মহাসড়কের একটি অংশে দীর্ঘদিন ধরে ময়লার ভাগাড় ও বেহাল সড়কের কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। দ্রুত ময়লার স্তূপ অপসারণ এবং ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের একপাশে দীর্ঘদিন ধরে যত্রতত্র ময়লা ফেলার কারণে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে পথচারী, যাত্রী ও আশপাশের বাসিন্দাদের দুর্ভোগের পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।

 

যানবাহন চালকদের দাবি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ময়লা কলাগাছিয়া ইউনিয়নের হাজীপুর এলাকায় মহাসড়কের পাশে স্তূপ করে রাখা হচ্ছে। ফলে প্রতিনিয়ত ওই সড়ক ব্যবহারকারীদের ভোগান্তি বাড়ছে।

 

এদিকে ফরাজীকান্দা পেট্রোল পাম্প থেকে হাজীপুর স্ট্যান্ড পর্যন্ত মহাসড়কের দীর্ঘ অংশজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন যানবাহন এবং যানজটের কারণে সময়ও নষ্ট হচ্ছে যাত্রীদের।

 

একজন গাড়িচালক বলেন, "একদিকে ময়লার দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে, অন্যদিকে রাস্তার অবস্থা খুবই খারাপ। যাত্রীরা এই রাস্তা ব্যবহার করতে চায় না, কিন্তু বিকল্প না থাকায় বাধ্য হয়ে চলাচল করছে। আমরাও জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছি।"

 

ভুক্তভোগী এলাকাবাসী জানান, প্রতিদিন হাজার হাজার মানুষ এই মহাসড়ক দিয়ে যাতায়াত করেন। তাই জনস্বার্থে দ্রুত ময়লার ভাগাড় অপসারণ, সড়ক সংস্কার এবং স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

 

এ বিষয়ে স্থানীয়রা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে দ্রুত সমস্যার সমাধান করে জনদুর্ভোগ লাঘব করা যায়।

সম্পর্কিত বিষয়: