নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জুলাই ২০২৬

মানবিক সহায়তায় নারায়ণগঞ্জের ছাত্রশক্তি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:৪৩, ১৫ জুলাই ২০২৬

মানবিক সহায়তায় নারায়ণগঞ্জের ছাত্রশক্তি

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা অতি বৃষ্টিতে সৃষ্ট বন্যা, ভূমিধস ও অন্যান্য দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলা, মহানগর ও থানা ইউনিটের নেতাকর্মীরা। মানবিক দায়িত্ববোধ থেকে তারা চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া ও আশপাশের দুর্গত এলাকায় ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম পরিচালনা করেছেন।

সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বাঁশখালী উপজেলার ঝালিয়াকাঠা ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় শিক্ষার্থীদের যাতায়াত নিশ্চিত করতে দুটি নৌকার ব্যবস্থা করা হয়। এছাড়া আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারের কাছে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও সহায়তা পৌঁছে দেওয়া হয়।

জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব মো. জহিরুল ইসলাম বলেন, “দেশের যেকোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত দেশপ্রেমের পরিচয়। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী বিশেষ করে দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, যেখানে প্রয়োজনীয় সহযোগিতা এখনো পর্যাপ্তভাবে পৌঁছেনি। মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই উদ্যোগ।”

জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার মুখ্য সংগঠক নামজুল ইসলাম বলেন, “দেশের এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। ভবিষ্যতেও দেশের যেকোনো সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারি—এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

সংগঠনের নেতৃবৃন্দ জানান, দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানো তাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও দেশের যেকোনো মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সম্পর্কিত বিষয়: