নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় গভীর রাতে ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিকট শব্দে হওয়া বিস্ফোরণে কারখানার ভবনসহ আশপাশের বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক সোয়া ২টার দিকে ফতুল্লার সস্তাপুর গাবতলা মোড়ে অবস্থিত হলি ফেব্রিক্স নামের একটি ডাইং কারখানায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন মামুন (২৩) ও আশরাফুল আলম (৩৬)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
স্থানীয়দের ভাষ্য, বিস্ফোরণের শব্দ এতটাই শক্তিশালী ছিল যে পুরো সস্তাপুর এলাকা ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। বিস্ফোরণে কারখানার দেয়াল, টিনের চাল, দরজা-জানালা ছিটকে যায়। বয়লারের প্রায় ৮ ফুট লম্বা ও ৪ ফুট চওড়া, আনুমানিক ৭০-৮০ কেজি ওজনের একটি লোহার প্লেট উড়ে গিয়ে পাশের আটতলা স্যামসন্স সুয়েটার গার্মেন্টসের ওপর দিয়ে প্রায় এক হাজার গজ দূরে মাসুম মিয়ার আধাপাকা বাড়ির টিনের ছাদে আছড়ে পড়ে। এতে বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া আশপাশের অনেক বাড়ির জানালার কাচ ভেঙে যায়।
এলাকাবাসীর অভিযোগ, সস্তাপুর গাবতলা এলাকায় হলি ফেব্রিক্সসহ তিনটি ডাইং কারখানায় জ্বালানি হিসেবে জুট ও কাঁচা গাছ পোড়ানো হয়। এতে প্রতিদিনই কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। অতীতে ভ্রাম্যমাণ আদালত একাধিকবার অভিযান চালালেও এসব কারখানা বন্ধ করা হয়নি। তাদের দাবি, ঝুঁকিপূর্ণ বয়লার ব্যবহারের কারণে যেকোনো সময় আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।
কারখানার পার্টনার রেজাউল জানান, নতুন একটি বয়লার পরীক্ষামূলকভাবে চালানোর সময় আগুন আটকে যাওয়ায় বয়লারের চুল্লিতে বিস্ফোরণ ঘটে। তিনি বলেন, "যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। আহত শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।"
ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ঝুঁকিপূর্ণ বয়লার পরিচালনা ও পরিবেশদূষণকারী কারখানাগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


































