নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৪ জুলাই ২০২৬

রূপগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখল চেষ্টার  অভিযোগ, নির্মাণকাজ বন্ধ করল পুলিশ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫৯, ১৪ জুলাই ২০২৬

রূপগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখল চেষ্টার  অভিযোগ, নির্মাণকাজ বন্ধ করল পুলিশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বড় আমদিয়া মৌজায় ১৭ শতাংশ জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল করে বাউন্ডারি দেয়াল নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) কাজিরটেক এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ করে দেয়।

অভিযোগ অনুযায়ী, আলী নেওয়াজের দাবি করা ১৭ শতাংশ জমিতে হেলাল নামে এক ব্যক্তির পক্ষে সুলতান মাহমুদ লোকজন নিয়ে বাউন্ডারি দেয়াল নির্মাণ শুরু করেন। এ সময় আলী নেওয়াজের পক্ষ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশ প্রথমে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও সুলতান মাহমুদ নির্মাণকাজ চালিয়ে যাওয়ার কথা বলেন। পরে জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন।

অভিযোগের বিষয়ে সুলতান মাহমুদ বলেন, “হেলাল আমার সম্পর্কে চাচা হন। তিনি প্রায় ১০ বছর আগে জমিটি কিনেছেন, কিন্তু দখল নিতে পারেননি। তিনি আমার কাছে সহযোগিতা চাওয়ায় আমি লোকজন নিয়ে তার জমি বুঝিয়ে দিয়েছি। কোনো জোরপূর্বক দখল করা হয়নি।”

জমির দাবিদার হেলাল বলেন, “আমার ক্রয়কৃত জমিতে বাউন্ডারি দেয়াল নির্মাণের জন্য সুলতান মাহমুদের সহযোগিতা নিয়েছি।”

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, “জমি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। উভয় পক্ষকে আপাতত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।”