নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জুলাই ২০২৬

এনায়েতনগর ইউনিয়নকে নাসিকে অন্তর্ভুক্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৫৬, ১৫ জুলাই ২০২৬

এনায়েতনগর ইউনিয়নকে নাসিকে অন্তর্ভুক্তির  দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) আওতায় এনায়েতনগর ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা। একই সঙ্গে ফতুল্লা থানার চারটি ইউনিয়নকে খণ্ডিতভাবে নয়, একযোগে নাসিকের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

 

বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে বাসিন্দারা এ স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কাফি বিন কবির স্মারকলিপি গ্রহণ করেন।

 

স্মারকলিপিতে এনায়েতনগর ইউনিয়নের কয়েকশ বাসিন্দার স্বাক্ষর সংযুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম জীবন, বিএনপি নেতা হাজী শহিদুল হক শহীদ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান, গাবতলী সোসাইটির সাধারণ সম্পাদক কাজী এনামুল ফেরদৌস মনা, কামরুল ইসলাম মুহুরী, বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহম্মেদ, আলী সরদার, অ্যাডভোকেট বশির সরকার, জয়নাল আবেদীনসহ বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিরা।

 

স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রফিকুল ইসলাম জীবন। তিনি বলেন, ফতুল্লা থানার চারটি ইউনিয়ন নারায়ণগঞ্জের বৃহত্তম শিল্পাঞ্চল হলেও পরিকল্পিত নগর উন্নয়ন থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত। এখানে হাজার হাজার শিল্প-কারখানা থাকলেও সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা ও অন্যান্য নাগরিক সুবিধার ঘাটতি রয়েছে।

 

তিনি বলেন, বন্দর ও সিদ্ধিরগঞ্জ অনেক আগেই সিটি করপোরেশনের আওতায় এলেও শিল্পসমৃদ্ধ ফতুল্লাকে বাইরে রাখা হয়েছে। এতে এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন।

 

বর্তমান সীমানা সম্প্রসারণ প্রক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, শুধু কুতুবপুর ইউনিয়নকে সম্পূর্ণ এবং ফতুল্লার অন্য তিনটি ইউনিয়নের আংশিক অংশ নাসিকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ বৈষম্যমূলক। খণ্ডিতভাবে নয়, ফতুল্লার চারটি ইউনিয়নকে একসঙ্গে সিটি করপোরেশনের আওতায় আনার দাবি জানান তিনি।

 

তিনি আরও বলেন, জেলা প্রশাসন চাইলে সরেজমিনে জরিপ করে বাস্তবতা যাচাই করতে পারে। বৃহত্তর জনস্বার্থে দ্রুত এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

 

এ সময় হাজী শহিদুল হক শহীদ, সিদ্দিকুর রহমান, কামরুল ইসলাম মুহুরীসহ অন্যান্য বক্তারা বলেন, চারটি ইউনিয়ন একযোগে নাসিকে অন্তর্ভুক্ত হলে পরিকল্পিত নগরায়ণ, আধুনিক নাগরিক সুবিধা এবং সুষম উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এনায়েতনগরসহ ফতুল্লা অঞ্চলের বিস্তীর্ণ শিল্পাঞ্চল দীর্ঘদিন ধরে সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা, সুপেয় পানি ও অন্যান্য মৌলিক নাগরিক সেবায় অবহেলার শিকার। তাই টেকসই নগর উন্নয়ন ও জনস্বার্থে এনায়েতনগরসহ ফতুল্লার চারটি ইউনিয়নকে দ্রুত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতায় অন্তর্ভুক্ত করতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।