নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মজিবর (৬২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তিনি ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমতের সহযোগী হিসেবে পরিচিত।
রবিবার (১ নভেম্বর) বিকেলে ফতুল্লার লালখা এলাকার পূর্ব শেয়াচর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মজিবর ওই এলাকার মৃত চানমিয়া সরদারের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে অভিযানে অংশ নেওয়া উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম জানান, রবিবার বিকেলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মজিবরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।


































