নারায়ণগঞ্জের বন্দরে র্যাব-১১ এর অভিযানে ৫ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি বিশেষ টহল দল বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন তিন ব্যক্তিকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বরিশাল জেলার কাউনিয়া গ্রামের মৃত শাহজাহান সরকারের ছেলে মো. সুমন সরকার (৩৬), বরিশাল জেলার গৌরনদী উপজেলার ঘোড়াকল গ্রামের আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ ইব্রাহিম (২৮) এবং ভোলা জেলার আলকিগ্রামের মৃত ইব্রাহিমের ছেলে মোহাম্মদ আজিম (৩৫)।
এ ঘটনায় র্যাব-১১ এর নায়েক সুবেদার ইমাম হোসেন বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। বুধবার (১৫ জুলাই) দুপুরে গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব-১১ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।


































