নারায়ণগঞ্জের বন্দরে একটি ভাড়াটিয়া বাসায় সংঘটিত চুরির মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বন্দর থানার মাহমুদনগর এলাকার টিপু সুলতান (৩০), একই এলাকার আজিজুল হাকিম এবং সোনাকান্দা এলাকার মহসিন ওরফে মুইচ্ছা (৩৫)।
পুলিশ জানায়, বুধবার (১৫ জুলাই) দুপুরে তাদের বন্দর থানায় দায়ের করা চুরি মামলায় আদালতে পাঠানো হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, গত ২৬ জুন দুপুর ২টা থেকে ৩০ জুন সকাল ১০টার মধ্যে কোনো এক সময় বন্দর এইচ এম সেন রোড এলাকার আলম মিয়ার ভাড়াটিয়া বাসায় চুরির ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়, অজ্ঞাত পরিচয়ের চোরেরা বাসার দরজার তালা খুলে ভেতরে প্রবেশ করে চারটি স্বর্ণের আংটি, একটি প্রায় আড়াই ভরি ওজনের স্বর্ণের গলার হার, এক জোড়া স্বর্ণের কানের দুল, নগদ ১ লাখ ১০ হাজার টাকা এবং চার কার্টন বেনসন সিগারেট চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্তের অংশ হিসেবে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।


































