নারায়ণগঞ্জের বন্দরে কৃষকদল নেতা রায়হান বেপারীকে কুপিয়ে জখম করার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন বন্দর থানার কোর্টপাড়া এলাকার মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে কেটু নাসির (৫২) এবং একই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে সাইদুল ইসলাম (২২)।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) রাতে কোর্টপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১৫ জুলাই) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত শনিবার (১১ জুলাই) রাতে বন্দর থানার রাজবাড়ি বালুরমাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত রায়হান বেপারীর মা রাবেয়া বেগম বাদী হয়ে রোববার (১২ জুলাই) রাতে বন্দর থানায় মামলা দায়ের করেন।
মামলায় যুবলীগ নেতা সায়েমসহ মোট ১০ জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন তারেক, নাইম, শামীম, আমিন, মুন্না, সাব্বির, পারভেজসহ আরও কয়েকজন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, পূর্ব শত্রুতার জেরে শনিবার রাত প্রায় ১১টার দিকে রাজবাড়ি বালুরমাঠ এলাকায় রায়হান বেপারীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর জখম করে। অভিযোগে আরও বলা হয়, অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র দিয়েও তার ওপর হামলা করা হয়। রায়হানকে রক্ষা করতে এগিয়ে এলে পরিবারের সদস্যদেরও মারধর করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তবে মামলায় আনা অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।


































