নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে ১৩ জুলাই রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের প্রথম ধাপে রাত ৯টা ১৫ মিনিটে পশ্চিম এনায়েতনগর এলাকায় রাশিদা আলমের বাড়ির সামনে থেকে সেলিম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে রাত সাড়ে ১০টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের বাগমারা এলাকায় অভিযান চালিয়ে সাথী আক্তার (৩৫) ও রিতা আক্তার (৩৫) নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া গ্রেপ্তার রিতা আক্তারের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আগে থেকেই ছয়টি মাদক মামলা রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে,
মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


































